এই গ্রন্থে ২০০৭ থেকে ২০২০ এর সময়কালে প্রকাশিত নাসিমা আনিসের ৫টি গল্পগ্রন্থ থেকে মোট ২৩টি নির্বাচিত গল্প অন্তর্ভূক্ত করা হয়েছে। তাছাড়া তার সাথে যুক্ত আছে ২০২০ থেকে ২০২৫ এর এপ্রিল পর্যন্ত পত্রিকায় প্রকাশিত নাসিমা আনিসের অগ্রন্থিত ১০টি গল্প।
আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাকে উপজীব্য করে গল্প লেখেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। আমাদের স্বার্থপরতা ও উদারতা, বিশ্বাস-অবিশ্বাস ও অন্ধ বিশ্বাস, সংস্কার ও কুসংস্কার, সামাজিক ও ব্যক্তিক অন্তর্দ্বন্দ্ব ও উদ্ভূত সঙ্কটই তার গল্পের অন্যতম অনুষঙ্গ। তিনি এমন বৈঠকী ঢঙে গল্প বলেন যেন তিনি এক হ্যামিলনের বাঁশিওয়ালা, বাঁশিতে সুর তোলেন আর সবাই ছুটতে থাকে তার পিছুপিছু। বর্ণনায় বাহুল্য নেই, আরোপিত অলংকরণ নেই, চরিত্রের আড়ম্বরতা নেই; অথচ বিষয়বৈচিত্র্যে ভরপুর, প্রাণময়। তার গল্পগুলো আমাদের চেনা জগতের পরতে পরতে জমে থাকা গল্প, আমাদেরই বলতে না-পারা গল্প। গল্পগুলো পাঠে যেকোনো সমঝদার পাঠক ঋদ্ধ হবেন, এ প্রত্যাশা রাখছি।