বাংলা ভাষা ও সাহিত্যের শীর্ষস্থানীয় কবি আল মাহমুদ দীর্ঘ ছয় দশকজুড়ে সাহিত্যের প্রায় প্রতিটি অঙ্গনে বিচরণশীল থেকেছেন। এর মধ্যে চার দশক তাঁর বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকার ছড়িয়ে রয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে। এগুলিকে একত্রিত করে একটি গ্রন্থবদ্ধ করার প্রয়াস থেকেই এই গ্রন্থের জন্ম।
কবির কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রভৃতির মধ্যে তাঁর মননশীলতার প্রকাশ ঘটে। তবে সাক্ষাৎকারগুলির মধ্য দিয়ে সরাসরি তাঁর চিন্তাধারা ও লেখচিত্রের ব্যাখ্যা মেলে। তাই এই গ্রন্থ কবিকে সরাসরি জানার অবকাশ দেবে বলে মনে করা যায়। সেই ভাবনা থেকেই গ্রন্থের সংকলক ও সম্পাদক সরদার আবদুর রহমান ‘অর্ধশত সাক্ষাৎকারে আল মাহমুদ' গ্রন্থটি পাঠকদের হাতে তুলে দিচ্ছেন।
প্রসঙ্গত, সরদার আবদুর রহমান কবি আল মাহমুদের সান্নিধ্য পাওয়ারও সুযোগ পেয়েছেন এবং এতে কিছু অভিজ্ঞতা অর্জিত হয়েছে। সেদিক থেকেও কবিকে নিয়ে এই গ্রন্থ রচনার একটি বাস্তবসম্মত অধিকার লাভ করেছেন বলে মনে করা যেতে পারে ।