বেগম শামসুন নাহার মাহমুদের একাধিক জীবনীগ্রন্থ রয়েছে, একটি স্মারকগ্রন্থও প্রকাশিত হয়েছে। কিন্তু এই নতুন গ্রন্থটি একেবারেই স্বতন্ত্র, বলা যায় এটি তাঁর প্রামাণ্য জীবনী। শামসুন নাহার মাহমুদ নিজে ‘রোকেয়া-জীবনী’ লিখেছেন, যেটি তাঁর শ্রেষ্ঠ রচনা; সে-বইটি রচনার পেছনে তাঁর যে ঐকান্তিকতা ছিল, তেমনি ঐকান্তিকতা নিয়েই তাঁর এই জীবনী গ্রন্থটি রচনা করেছেন তাঁর পুত্রবধূ মোশ্ফেকা মাহমুদ। তুলনার প্রয়োজন নেই; রচনা ও আয়তন উভয় দিক থেকেই বই দুটি স্বতন্ত্র। বর্তমান বইটির প্রধান গুণ হলো যাঁর বিষয়ে এটি লেখা হয়েছে, তাঁর সম্পর্কে লেখিকার গভীর আগ্রহ এবং তথ্য সংগ্রহে নিরলস শ্রম। যে-কারণে আমরা একে একটি প্রামাণ্য গ্রন্থ বলছি। মোশ্ফেকা মাহমুদ শামসুন নাহার মাহমুদের নিজের মুখে তাঁর জীবনবৃত্তান্তের অনেকাংশ শুনেছেন, তাঁর সব লেখা ও বক্তৃতা, তাঁর সম্পর্কে অন্যের বক্তব্য ও সংবাদজগতের মন্তব্য সবকিছু পড়েছেন এবং অত্যন্ত যতœ সহকারে এ-গ্রন্থে সেসবের সমাবেশ ঘটিয়েছেন।”
- সিরাজুল ইসলাম চৌধুরী