শিশুকিশোরদের মনস্তাত্ত্বিক জগৎ ভিন্ন, বড়দের চাইতে আলাদা। তাদের জন্য দরকার আনন্দ ও বিনোদন সম্ভারে পরিপূর্ণ ভুবন, যেখানে থাকবে আনন্দের পাশাপাশি শিক্ষার নানান উপকরণ। ছোটদের এই রুচিকে বিবেচনায় এনে তাদের উপযোগী সাহিত্যসৃষ্টি এক কৌশলী কাজ ।
বাংলাদেশের শীর্ষসারির কবি বিমল গুহ কবিতায় যেমন শিল্পসচেতন, তেমনিভাবে শিশুকিশোর পদ্য রচনায়ও সমান নৈপুণ্যের অধিকারী। ছোটদের বোধের অনুকূল ভাবনা তৈরির জন্য সহজেই তিনি কেড়ে নিতে পারেন ছোটদের ও বড়দের মন । তাঁর এই পদ্যগুলিও শিল্পকুশলতায় নির্মিত অনন্য সৃষ্টি । নূতন-পুরাতন কিছু পদ্য বাছাই করে পাতায় মোড়া পদ্যগুলি সাজানো হয়েছে—যার পরতে পরতে ছড়িয়ে আছে ছোটদের শিক্ষণীয় বিষয়, আর আনন্দের উপকরণ।